বাংলাদেশ

কুমির রফতানির বিষয়ে ভাবছে সরকার: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ১৭:৫১

কুমির রফতানির বিষয়ে ভাবছে সরকার: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দেশ থেকে কুমির রফতানির বিষয়ে সরকার চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। একই সঙ্গে খামারিরা যাতে কোনোভাবেই ক্ষতির সম্মুখীন না হন, সে লক্ষ্যেই সরকার কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী।

 

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজে মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের সাথে আয়োজিত এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। 

 

প্রতিমন্ত্রী বলেন, চলতি বছর প্রায় ১০০ কোটি টাকার কাছাকাছি গরুর মাংস রফতানি করা হয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন করলে খামারিরা আরও বেশি উপকৃত হবেন। 


রফতানি বাড়াতে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে সুলতান সালাউদ্দিন টুকু জানান, সারা দেশে মিট প্রসেসিং সেন্টার বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। এগুলো বাস্তবায়িত হলে মাংসের রফতানি আরও বহুগুণ বৃদ্ধি পাবে।


সভায় জাটকা নিধন রোধে কঠোর নজরদারি বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়েও সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

কুমির রফতানির বিষয়ে ভাবছে সরকার: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী | সময় নিউজ