বাংলাদেশ

বিমানবন্দরের সেবা-যাত্রী হয়রানি নিয়ে অপতথ্য ছড়ানো হচ্ছে, সতর্ক থাকার আহ্বান বিমানমন্ত্রীর

সাইফুল ইসলাম

প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ১১:৫৯

বিমানবন্দরের সেবা-যাত্রী হয়রানি নিয়ে অপতথ্য ছড়ানো হচ্ছে, সতর্ক থাকার আহ্বান বিমানমন্ত্রীর

‘এয়ারপোর্ট ইমারজেন্সি এক্সারসাইজ (ফায়ার)-২০২৬’ অনুষ্ঠানে কথা বলছেন পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। ছবি: সময় সংবাদ

বিমানবন্দরে যাত্রী হয়রানি ও সেবা নিয়ে অপতথ্য ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

 

সোমবার (৫ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘এয়ারপোর্ট ইমারজেন্সি এক্সারসাইজ (ফায়ার)-২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, বিমানবন্দরে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। আগে সক্ষমতা থাকা সত্ত্বেও যারা দায়িত্বে ছিলেন, তারা সঠিকভাবে দায়িত্ব পালন করেননি। এ কারণে বিমানবন্দরে ঘটে যাওয়া দুর্ঘটনার দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হয়নি।

 

বর্তমানে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা ছাড় দেয়া হবে না জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো ঘটনা ঘটলে তা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নতুন টার্মিনালে ১০ হাজার ট্রলি রয়েছে। এ নিয়ে কোনো সমস্যা হবে না।

 

এ ছাড়া বিমানবন্দর এলাকায় অনুমোদনহীন ড্রোনের চলাচল ঠেকাতে এন্টিড্রোন কার্যক্রম হাতে নেয়া হয়েছে বলেও জানান এম. রশিদুজ্জামান মিল্লাত।

বিমানবন্দরের সেবা-যাত্রী হয়রানি নিয়ে অপতথ্য ছড়ানো হচ্ছে, সতর্ক থাকার আহ্বান বিমানমন্ত্রীর | সময় নিউজ