বাংলাদেশ

হেফাজতের আমিরের সঙ্গে রাশেদ খানের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ১৮:১৭

হেফাজতের আমিরের সঙ্গে রাশেদ খানের সৌজন্য সাক্ষাৎ

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী হুজুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। 

 

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 

সাক্ষাৎকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বিএনপি যেন রাষ্ট্র পরিচালনায় সফল হয়, সেজন্য দোয়া করেন। একই সঙ্গে তিনি প্রশ্ন করেন, মাত্র যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের বিরুদ্ধে কেন এই লংমার্চের আয়োজন করা হচ্ছে?

 

এ সময় আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী প্রধানমন্ত্রীর সুস্থতা ও সফলতা কামনা করে দোয়া করেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খানকে তার সালাম প্রধানমন্ত্রীকে পৌঁছে দিতে বলেন।

 

আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী আরও বলেন, বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। এ প্রসঙ্গে তিনি অতীতের একটি ঘটনা স্মরণ করে বলেন, কয়েকটি ইসলামী দল তৎকালীন প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কাছে বিভিন্ন দাবি নিয়ে গেলে তিনি বলেন, ‘যেখানে কোনো ভিন্নমত নেই, সেখানে তো কোনো দাবি থাকে না; আপনাদের সঙ্গে আমরা একমত।’ এর মাধ্যমে তিনি বিএনপির ইসলামী মূল্যবোধে বিশ্বাসের বিষয়টি স্মরণ করিয়ে দেন।

 

অন্যদিকে, যারা ইসলামের নাম ভাঙিয়ে এবং জান্নাতের লোভ দেখিয়ে জনগণের কাছে জান্নাতের ভুয়া টিকিট বিক্রি করে প্রতারণা করছিল, তাদের বিরুদ্ধে নির্বাচনের আগে সাহসী ভূমিকা রাখার জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে বিশেষভাবে ধন্যবাদ জানান মো. রাশেদ খান।

 

সৌজন্য সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসক মাহবুবুর রহমান শামীম এবং ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।

হেফাজতের আমিরের সঙ্গে রাশেদ খানের সৌজন্য সাক্ষাৎ | সময় নিউজ