খেলা

স্পেনে আরও একটি ক্লাবের মালিকানা কিনলেন মেসি

খেলা ডেস্ক

প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ১৬:২৬

স্পেনে আরও একটি ক্লাবের মালিকানা কিনলেন মেসি

লিওনেল মেসি। ছবি: এএফপি

জন্ম আর্জেন্টিনায়, নাগরিকত্বও আর্জেন্টিনার। কিন্তু লিওনেল মেসি বার্সেলোনায় খেলার সুবাদে জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন স্পেনে। ইন্টার মায়ামি তারকার স্পেনের নাগরিকত্বও রয়েছে। সেই স্পেনেই দুটি ক্লাবের মালিকানা কিনেছেন তিনি।


গত এপ্রিল মাসে কিনেছিলেন কাতালান ক্লাব কর্নেয়ার মালিকানা। এবার কিনলেন দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি এলদেন্সের মালিকানা। তবে এই চুক্তি এখনও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষায়।


সিডি এলদেন্স তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, ‘ক্লাব দেপোর্তিভো এলদেন্স আনুষ্ঠানিকভাবে লিও মেসির কাছে ক্লাবটি বিক্রির ঘোষণা দিচ্ছে। এর মধ্য দিয়ে ১০০ বছরেরও বেশি পুরোনো এই ক্লাবের ইতিহাসে একটি নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হচ্ছে।’


ক্লাবটি আরও বলেছে, ‘ক্রীড়া ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ক্লাবটির মালিক হিসেবে আসায় সিডি এলদেন্সের জন্য একটি দীর্ঘমেয়াদি প্রকল্পের সূচনা হলো। এই প্রকল্পের লক্ষ্য ক্লাবটির ক্রীড়া, প্রাতিষ্ঠানিক ও সামাজিক উন্নয়নকে এগিয়ে নেওয়া।’


মেসি মালিকানায় যুক্ত হওয়ায় এলদেন্স খুশি হলেও মাঠের খেলায় তাদের দৈনদশা চলছে। ২২ দলের দ্বিতীয় বিভাগের লিগে বর্তমানে তারা আছে ১৯তম স্থানে। মৌসুমের প্রথম ৭ ম্যাচে তারা মাত্র একটি জয় পেয়েছে, সংগ্রহ ৫ পয়েন্ট।


মেসির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোও স্পেনের একটি ক্লাবে বিনিয়োগ করেছেন। পর্তুগিজ তারকা গত ফেব্রুয়ারিতে আলমেরিয়ার ২৫ শতাংশ শেয়ার কিনেছিলেন।

স্পেনে আরও একটি ক্লাবের মালিকানা কিনলেন মেসি | সময় নিউজ