খেলা

বুরকিনা ফাসোর জালে আর্জেন্টিনার ৭ গোল

খেলা ডেস্ক

প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ০৮:৪২

বুরকিনা ফাসোর জালে আর্জেন্টিনার ৭ গোল

বুরকিনা ফাসোকে গোলবন্যায় ভাসাল আর্জেন্টিনা। ছবি: এক্স

লিওনেল মেসির বিদায়ী ম্যাচের আগে নিজেদের প্রস্তুতিটা দারুণভাবে সেরে নিল আর্জেন্টিনা। দুর্বল বুর্কিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে সমর্থকদের দিয়েছে বড় জয়।


বাংলাদেশ সময় রোববার (৪ অক্টোবর) সকালে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে শুরু থেকেই একতরফা ছিল ম্যাচ। মাত্র চার মিনিটেই লাউতারো মার্টিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর নবম মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ১৩ মিনিটে জানলুকা প্রেস্তিয়ান্নি করেন তৃতীয় গোল।


৩৫ মিনিটে নিকো পাহ এবং ৩৬ মিনিটে জুলিয়ান আলভারেসের গোলে প্রথমার্ধেই ৫-০ ব্যবধানে এগিয়ে যায় আলবিসেলেস্তারা।


বিরতির পর বদলি খেলোয়াড়দের নিয়ে মাঠে নেমেও আক্রমণের ধার কমেনি আর্জেন্টিনার। ৫৮ মিনিটে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনে করেন ষষ্ঠ গোল। যোগ করা সময়ে জুলিয়ানো সিমিওনের হেডে আসে সপ্তম গোল।


চার্টার ফ্লাইটের জটিলতায় ম্যাচের কয়েক ঘণ্টা আগে আর্জেন্টিনায় পৌঁছানো বুর্কিনা ফাসো মূলত অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়দের নিয়ে মাঠে নামে। আগামী বুধবার (৭ অক্টোবর) বেনিনের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। সেই ম্যাচেই জাতীয় দলের জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি।

বুরকিনা ফাসোর জালে আর্জেন্টিনার ৭ গোল | সময় নিউজ