বিজ্ঞান-প্রযুক্তি

প্রযুক্তি অংশীদারিত্ব নিয়ে গুগলের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধি দলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫১

প্রযুক্তি অংশীদারিত্ব নিয়ে গুগলের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধি দলের বৈঠক

বাংলাদেশের মন্ত্রীপর্যায়ের একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ে গুগলের সদর দফতর পরিদর্শন করেছে।

বাংলাদেশের মন্ত্রীপর্যায়ের একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ে গুগলের সদর দফতর পরিদর্শন করেছে। এ সময় গুগলের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল দক্ষতা, ক্লাউড কম্পিউটিং, সাইবার নিরাপত্তা এবং দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়। 

 

সোমবার (২৮ সেপ্টেম্বর) লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে এ সফর অনুষ্ঠিত হয়।

 

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা হোসাইন রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ কামরুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ মো. জাহিদুল ইসলাম। 

 

এছাড়া যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এবং লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল কাজী মুহাম্মদ জাবেদ ইকবালও বৈঠকে অংশ নেন।

 

গুগলের পক্ষে নেতৃত্ব দেন গুগল ফর এডুকেশনের স্ট্র্যাটেজি অ্যান্ড অপারেশন্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট দিব্যা জানি। গুগলের কর্মকর্তাদের মধ্যে মারা রিতুচ্চি, আবু সালেহ, গ্রেস কেলি এবং মারিয়া তুবিওসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেন।

 

আলোচনায় বিশেষ গুরুত্ব পায় গুগল ফর এডুকেশন এবং প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের শেখার ফলাফল উন্নত করার সম্ভাবনা।

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম দক্ষতা উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারে দীর্ঘমেয়াদি বাংলাদেশ-গুগল অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন। বাংলাদেশের বিপুলসংখ্যক তরুণ জনগোষ্ঠীর জন্য এ অংশীদারিত্বের বাস্তব সুফল নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্ব দেন।

 

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষার আধুনিকায়নে বাংলাদেশের অগ্রাধিকারগুলো তুলে ধরেন। এর মধ্যে রয়েছে পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, ডিজিটাল সংযোগ, পর্যবেক্ষণ ব্যবস্থা উন্নত করা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার।

 

বৈঠকে একটি সমন্বিত ডিজিটাল শিক্ষা ইকোসিস্টেম গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এর আওতায় লার্নিং ও স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, শিক্ষার্থীদের মূল্যায়ন, ডিজিটাল শিক্ষাসামগ্রী এবং প্রযুক্তিনির্ভর স্কুল পরিদর্শন ও পর্যবেক্ষণ ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকতে পারে। এআই-সহায়তায় শিক্ষক প্রশিক্ষণ, ডিজিটাল নিরাপত্তা, শিক্ষক সনদায়ন এবং শ্রেণিকক্ষে এআইয়ের দায়িত্বশীল ব্যবহারের বিষয়েও আলোচনা হয়।

 

গুগলের প্রতিনিধিরা শিক্ষক প্রশিক্ষণ, এআই-সহায়তায় শিক্ষাদান এবং শিক্ষার ফলাফল পরিমাপের ক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় গুগল ওয়ার্কস্পেস ফর এডুকেশন, গুগল ক্লাসরুম, জেমিনি ফর এডুকেশন এবং প্রশিক্ষণ ও সনদায়নের মাধ্যমে শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা হয়।

 

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ এআই, ভার্চুয়াল লার্নিং, ক্লাউড কম্পিউটিং, সাইবার নিরাপত্তা ও ডেটা সায়েন্সে সহযোগিতার সম্ভাবনা তুলে ধরেন। শিক্ষার্থী, শিক্ষক, পেশাজীবী ও তরুণদের জন্য কাঠামোবদ্ধ প্রশিক্ষণের সুযোগ তৈরির ওপরও তিনি গুরুত্ব দেন। টেকসই অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।

 

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর শিক্ষা, প্রযুক্তি ও দক্ষতার সঙ্গে কর্মসংস্থান, উৎপাদনশীলতা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের সংযোগ স্থাপনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বিশ্বমানের প্রতিযোগিতামূলক দক্ষ জনশক্তি গড়ে তোলার পাশাপাশি বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও সামাজিক বাস্তবতার প্রতিফলন ঘটিয়ে স্থানীয়ভাবে প্রাসঙ্গিক এআই ও ডিজিটাল কনটেন্ট তৈরির সম্ভাবনার কথা উল্লেখ করেন। এর মধ্যে বাংলা ভাষাভিত্তিক এআই সক্ষমতা গড়ে তোলার বিষয়টিও রয়েছে।

 

বৈঠকে বাংলাদেশের ক্রমবর্ধমান ইউটিউব ক্রিয়েটর ইকোসিস্টেম নিয়েও আলোচনা হয়। বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, উদ্যোক্তা কার্যক্রম ও সৃজনশীল কনটেন্টকে বৈশ্বিক দর্শকের কাছে পৌঁছে দেয়ার সুযোগ নিয়ে উভয়পক্ষ আলোচনা করে। এ ক্ষেত্রে ক্রিয়েটরদের দক্ষতা উন্নয়ন, দায়িত্বশীল কনটেন্ট তৈরি, ডিজিটাল নিরাপত্তা এবং টেকসই আয় বা মনিটাইজেশনের ওপর গুরুত্ব দেয়া হয়।

 

বৈঠক শেষে শিক্ষা, এআই, ডিজিটাল দক্ষতা, ক্লাউড কম্পিউটিং, সাইবার নিরাপত্তা এবং দায়িত্বশীল ডিজিটাল কনটেন্টের ক্ষেত্রে অগ্রাধিকারমূলক উদ্যোগ চিহ্নিত করা এবং পরিমাপযোগ্য সহযোগিতা গড়ে তোলার লক্ষ্যে গুগল ও বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের মধ্যে ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।

প্রযুক্তি অংশীদারিত্ব নিয়ে গুগলের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধি দলের বৈঠক | সময় নিউজ