বাংলাদেশ

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে থানার ইট খুলে নেয়ার হুমকি এনসিপি নেতার

প্রতিবেদক, নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৬

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে থানার ইট খুলে নেয়ার হুমকি এনসিপি নেতার

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় ওসির কক্ষের সামনে এনসিপি নেতা যুবাইর সরদারের হুমকিমূলক বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে / ভিডিও থেকে সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার ভেতরে ঢুকে ‘থানার ইট খুলে নেয়ার’ হুমকি দেয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির আহ্বায়ক যুবাইর সরদারের বিরুদ্ধে। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষের সামনে ওসির কক্ষের সামনে এ বক্তব্য দেয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে উত্তেজিত অবস্থায় এনসিপি নেতা যুবাইর সরদারকে বলতে শোনা যায়, ‘আমি যুবাইর সরদার, নারায়ণগঞ্জ এনসিপির আহ্বায়ক। যদি আমার কোনো কর্মীর গায়ে হাত তোলে, লাশের বদলে লাশ নেব। আমার একজন নেতাকর্মীর গায়ের রক্ত যদি আরেকবার পড়ে, থানার ইটকল পর্যন্ত খুলে নেব।’

দলীয় সূত্রে জানা গেছে, ধলেশ্বরী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটার প্রতিবাদ করায় সোমবার রাত ৮টার দিকে ফতুল্লা থানাধীন বক্তাবলী বাজারে হামলার শিকার হন এনসিপির জেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম। অভিযোগ রয়েছে, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের নির্দেশে এ হামলা চালানো হয়। এতে তাওহীদুল গুরুতর আহত হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন দলের নেতাকর্মীরা। জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে রাতেই ফতুল্লা মডেল থানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এনসিপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনও নেতাকর্মীদের নিয়ে থানায় যান।

হামলার ঘটনায় রাতেই এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির জেলা সাংগঠনিক সম্পাদক মো. হাসান বাদী হয়ে বিএনপি নেতা হালিম আজাদসহ ১৬ জনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, ‘মামলা দায়েরের পর আসামিদের গ্রেফতারে পুলিশ সোমবার রাত থেকেই দফায় দফায় অভিযান চালাচ্ছে। তবে থানার ইট খুলে নেয়ার বক্তব্যের সময় আমি নিজের কক্ষে ছিলাম। বাইরে অনেক নেতাকর্মীর হট্টগোল ও স্লোগান চলছিল। তাদের শান্ত থাকতে বলা হয়েছিল। কাচের দরজা থাকায় বাইরের উচ্চস্বরের সব কথা স্পষ্ট শোনা যায়নি। ছড়িয়ে পড়া ভিডিওটি সত্যি নাকি এআই দিয়ে তৈরি, তাও খতিয়ে দেখতে হবে।’

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে থানার ইট খুলে নেয়ার হুমকি এনসিপি নেতার | সময় নিউজ