বিনোদন

শাড়ি মামলায় ফের আদালতে তানজিন তিশা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৭

শাড়ি মামলায় ফের আদালতে তানজিন তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ছবি: সংগৃহীত

শুনানি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেত্রী বলেন, আদালতের প্রতি তার পূর্ণ সম্মান রয়েছে। প্রয়োজনে আরও একাধিকবার আদালতে আসতেও তিনি প্রস্তুত। তিশার ভাষ্য, এই মামলায় ন্যায়বিচার নিয়েই তিনি আদালত থেকে ফিরবেন। তানজিন তিশার আইনজীবী নিহার হোসেন ফারুক জানান, জামিনের মেয়াদ বৃদ্ধি ও অভিযোগ গঠনের শুনানির পরবর্তী তারিখ আদালত থেকে পরে জানা যাবে।


এর আগে গত ১৩ আগস্ট আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছিলেন তানজিন তিশা। মামলাটিকে মিথ্যা দাবি করে অভিনেত্রী বলেছিলেন, আমার মতো একজন শিল্পী মাত্র ২৮ হাজার টাকার শাড়ি আত্মসাৎ করবে, এতোদিনের কষ্টে গড়া ইমেজ নষ্ট করবে সেটা হতে পারে না। বিপক্ষ তাদের ক্ষমতা দেখানোর জন্য ভিত্তিহীন মামলা করেছেন বলেও দাবি করেন তিশা। 


মামলার অভিযোগ অনুযায়ী, একটি অনলাইন ফ্যাশন পেজ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। শাড়িটির প্রচারণা এবং মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে তিনি যোগাযোগ বন্ধ করে দেন। এ ঘটনায় ২০২৫ সালে ফ্যাশন পেজটির প্রশাসক আমিনুল ইসলাম প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলা করেন।


আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তদন্ত শেষে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে আদালতে প্রতিবেদন জমা দেয় ডিবি। সেই তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে গত ১২ জুলাই তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার আবারও আদালতে হাজির হন এই অভিনেত্রী।

শাড়ি মামলায় ফের আদালতে তানজিন তিশা | সময় নিউজ