আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোটে ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ১৭:৩৪

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোটে ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার ইঙ্গিত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের এখনও প্রায় এক মাস বাকি। তবে এখন ৩০টির বেশি অঙ্গরাজ্যে আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে। এরই মধ্যে (গত ১৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত) ৮ লাখ ৪০ হাজার ৭০৪টি আগাম ভোট পড়েছে।

 

আইওয়া ও ভার্জিনিয়াসহ একাধিক অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটরা আগাম ব্যালটের আবেদনের ক্ষেত্রে এগিয়ে রয়েছে। তবে চূড়ান্ত ফলাফলের জন্য নির্বাচনের দিন তথা ৩ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

 

যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের সব আসন এবং সিনেটের একাংশের পাশাপাশি বিভিন্ন অঙ্গরাজ্যে গভর্নরসহ স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ পদেও ভোট হবে।

 

নির্বাচন কর্মকর্তারা বলছেন, তারা প্রস্তুত এবং ভোটগ্রহণ সঠিক ও নিরাপদ হবে বলে আত্মবিশ্বাসী। তা সত্ত্বেও, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছু নির্দিষ্ট ভোটদান পদ্ধতিকে হেয় করার এবং নির্বাচনের পরিচালনাপদ্ধতিতে পরিবর্তন আনার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। 

 

যার মধ্যে রয়েছে আদালতে আইনি চ্যালেঞ্জ, অ-নাগরিক ভোটারদের খুঁজে বের করতে কেন্দ্রীয় সরকারের উদ্যোগ এবং নির্বাচন কর্মকর্তাদের সংবেদনশীল ভোটার তথ্য প্রকাশে বাধ্য করতে চাপ প্রয়োগের প্রচারণা।

 

যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্যভেদে ভোটাররা মূল নির্বাচনের কয়েক সপ্তাহ আগেই সরাসরি বা ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ পান। এপির প্রতিবেদন মতে, নির্বাচনের অন্তত দেড় মাস আগে গত ১৮ সেপ্টেম্বর ভার্জিনিয়া অঙ্গরাজ্যে আগাম ভোটগ্রহণ শুরু হয়। এরপর ক্রমে অন্য রাজ্যগুলোতে।

 

সিএনএনের প্রতিবেদন মতে, বৃহস্পতিবার পর্যন্ত ৩০টিরও বেশি অঙ্গরাজ্যে ৮ লাখ ৪০ হাজারেরও বেশি অ্যামেরিকান আগাম ভোট দিয়েছেন। ২০২৪ সালের তুলনায় এ বছর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটদের আগাম ব্যালটের আবেদনের হার অনেক বেড়েছে।

 

আইওয়া অঙ্গরাজ্যে আগাম ব্যালট চেয়ে করা আবেদনের ৬৭ শতাংশই এসেছে ডেমোক্র্যাট সমর্থকদের কাছ থেকে। পেনসিলভেনিয়ায় ৬৬ শতাংশ, মেইনে ৫৭ শতাংশ এবং নর্থ ক্যারোলাইনায় ৪২ শতাংশ।

 

সবচেয়ে ইতিবাচক সংকেত আসছে ভার্জিনিয়া অঙ্গরাজ্য থেকে। সেখানে আগাম ও ই-মেইল উভয় ভোটেই ডেমোক্র্যাটদের স্পষ্ট আধিপত্য দেখা যাচ্ছে। গত নির্বাচনে কামালা হ্যারিসকে বড় ব্যবধানে জয়ী করা এলাকাগুলোতে ভোট প্রদানের গতি ডোনাল্ড ট্রাম্প সমর্থিত এলাকাগুলোর তুলনায় অনেক বেশি।

 

এ বছর মেল-ইন বা ডাকযোগে ভোট দেওয়া ব্যক্তিদের মধ্যে ৬৫ বছর বা তার বেশি বয়সের প্রবীণ ভোটারের সংখ্যা আগের যে কোনো বছরের তুলনায় বেশি বলে জানা গেছে।

 

তবে এই প্রাথমিক তথ্য দিয়ে চূড়ান্ত নির্বাচনী ফলাফল অনুমান করার সুযোগ নেই। বিশেষজ্ঞরা বলছেন, ভোটার কোন দলের সমর্থক তা জানা গেলেও তারা কাকে ভোট দিয়েছেন তা গোপনীয়।

 

এছাড়া রিপাবলিকান ভোটাররা সাধারণত ডাকযোগে ভোটের চেয়ে নির্বাচনের দিনে সরাসরি সশরীরে কেন্দ্রে গিয়ে ভোট দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। ফলে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে, রিপাবলিকান সমর্থকরা এই ব্যবধান অনেকটাই কমিয়ে আনতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

 

আসল চিত্রটি জানতে আগামী নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার অর্থাৎ ৩ তারিখে ভোটগ্রহণ এবং তার পরবর্তী ভোট গণনা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
 

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোটে ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার ইঙ্গিত | সময় নিউজ