আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ১০:০৭

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
কিছু ‘হুমকির’ কারণে যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর-পেন্টাগন গত রোববার নিশ্চিত করেছে, ঘাঁটিতে থাকা প্রায় এক ডজন বি-১ বোমারু বিমান যুক্তরাষ্ট্রের নিজস্ব ঘাঁটিতে ফিরিয়ে নেয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) নেব্রাস্কার উদ্দেশে রওনা হওয়ার সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র একটি ‘হুমকি’ সম্পর্কে জানতে পেরেছিল। ওই হুমকির কারণেই বোমারু বিমানগুলো দ্রুত সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়।
এর আগে সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেছিলেন, আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ রয়েছে। একই সঙ্গে যুক্তরাজ্যের ‘পুলিশ, প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর’ ভূমিকার প্রশংসা করে গত সপ্তাহে ট্রাম্পের দেয়া বক্তব্যের কথাও উল্লেখ করেন তিনি।
ট্রাম্পের মন্তব্য মার্কিন সংবাদমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনকে সমর্থন করছে বলে মনে হচ্ছে। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, গত ২৭ সেপ্টেম্বরের একটি ঘটনার পর নতুন হুমকির আশঙ্কায় ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নেয়া হয়েছে।
ওই দিন বিমানঘাঁটির কাছে তিনটি ‘সন্দেহজনক যানবাহন’ দেখা যাওয়ার বিষয়ে পুলিশকে সতর্ক করা হয়েছিল। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়, কোনো ‘নির্দিষ্ট হুমকির’ কারণে যুক্তরাষ্ট্র বোমারু বিমানগুলো ঘাঁটি থেকে সরিয়ে নিয়েছে কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমরা মনে করি, এটা বলা যায়। এগুলো তো আর দুর্ঘটনাক্রমে উড়ে যায়নি।’
তিনি বলেন, ‘কিছু হুমকি ছিল। আমরা শত্রুকে উসকানি দিতে চাই না; বরং শত্রুকে পাকড়াও করে পরাজিত করতে চাই। কিন্তু আমরা কেন তাদের সেখানে ফেলে রাখব? তাই আমরা সেগুলো অন্য একটি জায়গায় সরিয়ে নিয়েছি। খুব বেশি দূরে নয়।’
ট্রাম্প আরও বলেন, ওয়াশিংটন ‘যারা ওই হুমকি তৈরি করেছিল, তাদের চেনে’। তবে এ বিষয়ে তিনি কারও নাম প্রকাশ করেননি। যদিও আরএএফ ফেয়ারফোর্ড থেকে বোমারু বিমানগুলো সরিয়ে নেয়ার পেছনে ঠিক কী ধরনের হুমকি কাজ করেছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

