বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭

‘দ্য অ্যাসাসিনস’ সিনেমার পোস্টার (বামে) ও সিনেমাটির দৃশ্যে অভিনেতা লি মিন-হো (ডানে)। ছবি: সংগৃহীত
১৯৭৪ সালের ১৫ আগস্ট দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক হামলা নিয়ে নির্মিত সিনেমা ‘দ্য অ্যাসাসিনস’। সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমাটি কোরিয়ান ফিল্ম কাউন্সিলের বক্স অফিস দাঁপিয়ে বেড়াচ্ছে। দর্শকপ্রিয়তায় মুক্তির মাত্র ৫ দিনেই সিনেমাটি আয় ছাড়িয়েছে ১৩৮ কোটি টাকা।
সিনেমাটিতে তুলে ধরা হয়েছে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট পার্ক চুং-হির ওপর একটি আকস্মিক হত্যাচেষ্টার ঘটনা। যে হামলায় প্রেসিডেন্ট বেঁচে গেলেও গুলিবিদ্ধ হয়ে নিহত হন তার স্ত্রী তথা ফার্স্ট লেডি ইউক ইয়ং-সু।
আগস্টের বাস্তব এবং আলোড়ন সৃষ্টিকারী ঘটনাকে কেন্দ্র করে সিনেমাটি নির্মাণ করেছেন দক্ষিণ কোরিয়ার খ্যাতিমান নির্মাতা হুর জিন-হো। সিনেমাটি ইতিহাস পুনর্নির্মাণ নয়; বরং এর মাধ্যমে প্রেসিডেন্টকে হত্যাচেষ্টার পর তদন্তের আড়ালে থাকা বেশ কয়েকটি প্রশ্ন চোখে আঙুল দিয়ে দর্শকমহলে ছুঁড়ে দেয়া হয়েছে।
সিনেমাটি এগিয়ে গেছে একজন গোয়েন্দা, একটি সংবাদপত্রের অভিজ্ঞ সমাজবিষয়ক বিভাগের প্রধান এবং একজন নবীন সাংবাদিককে কেন্দ্র করে। গুরুত্বপূর্ণ এ তিন চরিত্রে অভিনয় করেছেন কোরিয়ার তিন জনপ্রিয় অভিনেতা। গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন ইউ হে-জিন, সংবাদপত্রের জ্যেষ্ঠ সাংবাদিকের চরিত্রে পার্ক হে-ইল এবং নবীন প্রতিবেদকের ভূমিকায় রয়েছেন লি মিন-হো।
সিনেমায় দেখানো হয়, প্রথম সারির সংবাদপত্রটি রাজনৈতিক এ হামলা নিয়ে তদন্ত করতে গিয়ে এমন কিছু ব্যালিস্টিক প্রমাণের সন্ধান পায়, যা সরকারের প্রচার করা ‘একক বন্দুকধারী’র তত্ত্বের সঙ্গে মেলে না।
সাংবাদিকের সত্য অনুসন্ধানে হারিয়ে যাওয়া গুলির প্রমাণ, সরকারি ভাষ্য এবং তদন্তকারীদের হাতে আসা নতুন তথ্য—সব মিলিয়ে রাজনৈতিক যে রহস্যের জাল তৈরি হয় তা তৎকালীন দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক বাস্তবতাকে তুলে ধরে। রাজনৈতিক ঘটনার ছায়ায় নির্মিত ‘দ্য অ্যাসাসিনস’ সিনেমাটি তাই দক্ষিণ কোরিয়ার সিনেপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে।

