বাংলাদেশ

নেশাগ্রস্ত স্বামীর থেকে মেয়েকে ছাড়িয়ে মায়ের দুধ দিয়ে গোসল

প্রতিবেদক, ফরিদপুর

প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ১৪:৩৩

নেশাগ্রস্ত স্বামীর থেকে মেয়েকে ছাড়িয়ে মায়ের দুধ দিয়ে গোসল

নেশাগ্রস্ত স্বামীর কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে এনে বাজারের শত শত মানুষের সামনে দুধ দিয়ে গোসল করেছেন জুলেখা বেগম নামের এক মা। দুধ দিয়ে গোসল করার ভিডিওটি এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায়।


শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাইখীর চৌরাস্তা বাজারে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করার এ ঘটনা ঘটে।


জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের বড় বাইখীর গ্রামের মহসিন মোল্লার মেয়ে মনিরা খাতুনের (৩০) সঙ্গে ১৪ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় সুমন শেখের (৩২)। বিয়ের পর থেকেই মনিরা খাতুনের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে আসছিল সুমন। একপর্যায়ে সুমন নেশাগ্রস্ত হয়ে পড়ে। এরপর মনিরার ওপর অত্যাচার আরও বাড়তে থাকে। দুই সন্তানের কথা চিন্তা করে নির্যাতন সহ্য করেও বাধ্য হয়ে সংসার করে আসছিলেন মনিরা।


মনিরা খাতুনের মা জুলেখা বেগম জানান, প্রায় ১৪ বছর আগে মেয়েকে সুমন শেখের সঙ্গে বিয়ে দেন। বিয়ের সময় ৫০ হাজার টাকা দেয়া হয়েছিল। বিয়ের পর থেকেই সুমন মেয়েটিকে নির্যাতন করত। সে নেশাগ্রস্ত হয়ে মেয়েটিকে প্রায়ই মারধর করত।


তিনি বলেন, ‘খাবার খাওয়ার সময় ভাত ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম, আমার মেয়েকে সুমনের কাছ থেকে ছাড়িয়ে আনতে পারলে প্রকাশ্যে মানুষের সামনে দুধ দিয়ে গোসল করব। কয়েকদিন আগে মেয়েকে কাবিন রেজিস্ট্রারের মাধ্যমে তালাক করিয়ে ছাড়িয়ে আনি। এরপর শুক্রবার সকালে দুধ দিয়ে গোসল করে আমার ওয়াদা রক্ষা করেছি।’


মনিরা খাতুন বলেন, ‘আমার স্বামী সুমন নেশা করে এসে আমাকে প্রতিদিন মারধর করত। দুই সন্তানের কথা চিন্তা করে এতদিন সংসার করছিলাম। কিন্তু আর সহ্য করতে না পেরে তালাক দিয়ে চলে এসেছি।’


এ বিষয়ে জানতে চাইলে সুমন শেখ সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।’

নেশাগ্রস্ত স্বামীর থেকে মেয়েকে ছাড়িয়ে মায়ের দুধ দিয়ে গোসল | সময় নিউজ