বাংলাদেশ

কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

প্রতিবেদক, বাগেরহাট

প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ১৪:৪১

কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

বাগেরহাট জেলা কারাগার। ছবি: সংগৃহীত

বাগেরহাট জেলা কারাগারে খাবার গলায় আটকে চাঁন মিয়া ফকির (৪৪) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।


শুক্রবার (২ অক্টোবর) সকালে খাওয়ার সময় তার গলায় খাবার আটকে যায়। পরে তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


মারা যাওয়া চাঁন মিয়া ফকির বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের মৃত হেলাল উদ্দিন ফকিরের ছেলে। তিনি বাগেরহাট জেলা কারাগারে হাজতি নম্বর ৪২৪১/২৬ হিসেবে বন্দি ছিলেন। তার বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় একটি মামলা রয়েছে।


কারাগার সূত্রে জানা যায়, সকালে হাজতিদের সবজি ও রুটি খেতে দেয়া হয়েছিল। খাবার খাওয়ার সময় চাঁন মিয়ার গলায় তা আটকে যায়।


বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার বলেন, ‘কারাগার থেকে অসুস্থ অবস্থায় এক হাজতিকে হাসপাতালে আনা হয়েছিল। জরুরি বিভাগের চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।’


বাগেরহাট জেলা কারাগারের সুপার মো. মোস্তফা কামাল বলেন, ‘সকালে খাবার খাওয়ার সময় ওই হাজতির গলায় খাবার আটকে যায়। বিষয়টি জানার পর কারারক্ষীরা তাকে দ্রুত বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মোরেলগঞ্জ থানাকে জানানো হয়েছে। সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’

কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু | সময় নিউজ