বাংলাদেশ

ক্ষমতা দখলের জন্য যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ

প্রতিবেদক, পঞ্চগড়

প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ১৬:২৪

ক্ষমতা দখলের জন্য যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ

ক্ষমতা ও স্বার্থের জন্য যারা একাত্তরের চেতনাবিরোধী শক্তি এবং স্বাধীনতার বিরোধীদের সঙ্গে হাত মেলায়, তাদের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। একই সাথে তিনি বলেন, ১৯৭১ সালে যারা স্বাধীনতার বিরোধী ছিল এবং স্বাধীনতা চায়নি, আজ তারাই দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে গোপন চক্রান্ত চালিয়ে যাচ্ছে।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহাড়ী ইউনিয়নের বোয়ালমারী বারুনী এলাকায় করতোয়া নদীর ২৩০ মিটার নদী তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনে গিয়ে তিনি এ কথা বলেন। 

প্রতিমন্ত্রীর ফরহাদ হোসেন আজাদ বিএনপির ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে বলেন, ১৯৭১ সালে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন, যুদ্ধ করেছিলেন এবং দেশ পরিচালনায় নেতৃত্ব দিয়েছিলেন। ১৯৯০ সালে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনও সফল করেছে বিএনপি। কিন্তু এর বিপরীতে জামায়াত, ইসলামী আন্দোলন বা অন্যান্য দলগুলোর সাথে বিএনপির আদর্শিক পার্থক্য রয়েছে। বিএনপি সবসময় দেশের স্বার্থ, গণতন্ত্রের স্বার্থ, সার্বভৌমত্ব এবং দেশের ২০ কোটি মানুষের অধিকার বাস্তবায়নের পক্ষে অবস্থান নিয়েছে। দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হলেও বিএনপি কখনো কারো সাথে আপস করেনি।

শেষে সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ডের কথা তুলে ধরে আগামী স্থানীয় নির্বাচন প্রসঙ্গে আরো বলেন, দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না থাকলেও, দেশের স্বার্থে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্ম-বর্ণের মানুষকে স্থানীয় নির্বাচনে নিজ নিজ প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

এর আগে প্রতিমন্ত্রী করতোয়া নদী এলাকা পরিদর্শন করে নামফলক উদ্বোধন করেন। একই সাথে এক আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এসময় পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, থানা পুলিশসহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

ক্ষমতা দখলের জন্য যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ | সময় নিউজ