খেলা ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ১১:২০

রোনালদোর ক্যাম্প ছাড়ার পর মুখ খুললেন ব্রুনো। ছবি: রয়টার্স
পর্তুগাল জাতীয় দল থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর হঠাৎ বিদায়ে তৈরি হওয়া আলোচনা আরও জোরালো হয়েছে। তবে দলের মধ্যে বিভেদ তৈরি হয়েছে—এমন গুঞ্জন সরাসরি নাকচ করে দিয়েছেন সতীর্থ ব্রুনো ফার্নান্দেজ।
কোচ জর্জ জেসুসের সঙ্গে মনোমালিন্যের পর গত বুধবার (৩০ সেপ্টেম্বর) কোপেনহেগেনের ক্যাম্প ছাড়েন রোনালদো। পরে তাকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারায় পর্তুগাল। রোনালদোর সঙ্গে কথা হয়েছে জানিয়ে ব্রুনো বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যাই ঘটুক না কেন, রোনালদো আজীবন আমাদের জাতীয় দল, আমাদের ফুটবল এবং দেশের সর্বশ্রেষ্ঠ প্রতীক হয়ে থাকবেন।’
দলের বিভেদ নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমরা যেন ঝামেলা তৈরি করা বন্ধ করি। জাতীয় দলের মধ্যে কোনো বিভেদ নেই। এটা একটা দল এবং বাইরে থেকে কোনো শোরগোল আসলেও একটাই দল থাকবে।’
রোনালদোর বিদায় যেন ভালোভাবে শেষ হয়, সেটিও চান ব্রুনো। তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এটার শেষ যেন ভালোভাবে হয়, দুইপক্ষের জন্যই।’
এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার দাবি, রোনালদোকে ফেরাতে বিমানবন্দর পর্যন্ত গিয়েছিলেন জেসুস ও পর্তুগিজ ফুটবল প্রধান পেদ্রো প্রোয়েনসা। তবে তাদের চেষ্টা সফল হয়নি।

