আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ২১:০৩

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে হুতি বিদ্রোহী যোদ্ধাদের সঙ্গে চলমান সংঘর্ষে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ইমারজেন্সি ফোর্সে’র চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ সালেম আবদুল্লাহ আল-খাওলানি নিহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) ইয়েমেনের সৌদি সমর্থিত সরকার তার নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে বলে জানায় তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জুলাইয়ে সর্বশেষ সামরিক উত্তেজনা শুরু হওয়ার পর থেকে ইয়েমেন সরকার যে নিরাপত্তা কর্মকর্তাদের মৃত্যুর খবর জানিয়েছে, তাদের মধ্যে আল-খাওলানি সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তা।
ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তাইজের আল-কাদাহা ফ্রন্টে হুতিদের বিরুদ্ধে লড়াইয়ের সময় ‘জাতীয় দায়িত্ব পালন করতে গিয়ে’ আল-খাওলানি নিহত হন।
তার মৃত্যুর সময় তাইজ প্রদেশে সামরিক সংঘাত ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল। বিশেষ করে আল-কাদাহা, জাবাল হাবাশি, মাকবানাহ ও আল-মিসরাখ ফ্রন্টে তীব্র লড়াই চলছিল।
সম্প্রতিক দিনগুলোতে তাইজের বিভিন্ন ফ্রন্টে সরকারি বাহিনীর সঙ্গে হুথিদের তীব্র সংঘর্ষের খবর পাওয়া গেছে। একই সময়ে হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা এবং প্রদেশটির বিভিন্ন এলাকায় স্থল লড়াইও অব্যাহত রয়েছে।

