আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২

ইয়েমেনে হুতি বিদ্রোহী গোষ্ঠীর বিভিন্ন সামরিক অবস্থান ও সক্ষমতা লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় ৪১৪টি ‘নির্ভুল হামলা’ চালানো হয়েছে বলে দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আবদুল্লাহ আল-নুজাইলি এক বিবৃতিতে এই দাবি করেন।
এক বিবৃতিতে আল-নুজাইলি বলেন, হুতিদের শক্তিবৃদ্ধি, সামরিক অবস্থান ও বিভিন্ন সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। হামলায় বিভিন্ন ধরনের আধুনিক ও সামরিক সক্ষমতা ব্যবহার করা হয়েছে বলেও জানান তিনি।
ইয়েমেনি সামরিক বাহিনীর দাবি, এসব অভিযানে হুতিদের উল্লেখযোগ্য সংখ্যক সদস্য ও সামরিক সরঞ্জাম ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে। তবে কতজন নিহত বা আহত হয়েছেন, হামলার বিবৃতিতে তা উল্লেখ করা হয়নি।
এর আগে ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছিল, গত সোমবার (২৮ সেপ্টেম্বর) পর্যন্ত ২৪ ঘণ্টায় হুতিদের বিরুদ্ধে ৩৫৬টি অভিযান চালানো হয়। ওই অভিযানে ৪৭৬ জন হুতি সদস্য নিহত বা আহত এবং কমান্ড সেন্টার, অস্ত্রের গুদাম ও সামরিক যান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করার দাবি করা হয়েছিল।
হুতি সংশ্লিষ্ট সংবাদমাধ্যম আল-মাসিরাহ জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় ইয়েমেনের তাইজ, হোদেইদাহ ও সা’দা প্রদেশে বেশ কয়েকটি হামলা হয়েছে। এসব হামলা সৌদি নেতৃত্বাধনি জোট চালিয়েছে বলে দাবি করেছে তারা। তবে এসব হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর

