স্বাস্থ্য

ডেঙ্গু ভয়ংকর, বাড়ছে শক সিন্ড্রোম রোগী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ১৩:২০

ডেঙ্গু ভয়ংকর, বাড়ছে শক সিন্ড্রোম রোগী

ডেঙ্গুতে এবার শক সিন্ড্রোমের জটিলতার রোগী বেশি ভর্তি হচ্ছে হাসপাতালে। ছবি সংগৃহীত

দেশের ডেঙ্গু পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। বছরের সেপ্টেম্বর না পার হতেই মৃত্যু ছাড়িয়েছে আড়াইশ’র বেশি। এরমধ্যে অক্টোবরে পরিস্থিতি আরও ভয়ংকর হয়ে উঠতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। এছাড়া শক সিন্ড্রোম রোগী বাড়ায় পরিস্থিতি নিয়েও সতর্ক করেছেন সংশ্লিষ্টরা, গুরুত্বারোপ করেছেন ডেঙ্গুর ভ্যাকসিন নিয়ে গবেষণা ও জাতীয় সংলাপের ওপর। 

 

তথ্য বলছে, চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ছাড়িয়েছে আড়াইশ’ এবং আক্রান্ত ৮০ হাজারের বেশি। এবারের মোট আক্রান্ত ও মৃত্যুর ৬০ শতাংশই সেপ্টেম্বর মাসে। আর চলতি মাসের ঝুঁকি আরও বেশি। 

 

চিকিৎসকরা বলছেন, এবার শক সিন্ড্রোমের জটিলতার রোগী বেশি ভর্তি হচ্ছে হাসপাতালে। আক্রান্তদের বেশিরভাগেরই দ্রুত কমে যাচ্ছে ব্লাড প্রেসার। এছাড়া শরীরে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে রক্ত চলাচল কমে যাওয়া, বিভিন্ন অঙ্গের কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার মতো জটিলতাও তৈরি হচ্ছে। আর এতেই বাড়ছে মৃত্যু ঝুঁকি। 

 

হাসপাতাল সূত্র ও রোগীর স্বজনরা বলছেন, ডেঙ্গু টেস্টে ২০ শতাংশ রোগীর ফলাফল নেগেটিভ আসতে পারে। তাই লক্ষ্মণ প্রকাশ পাওয়ার পর দ্রুত চিকিৎসার পাশাপাশি রক্তের অন্য পরীক্ষা করার পরামর্শ চিকিৎসকদের। আর বিশেষজ্ঞরা বলছেন, প্রতিরোধ ক্ষমতা বাড়লে পরিবর্তন হয় ডেঙ্গুর সেরোটাইপ। এতেই বাড়ছে শক সিন্ড্রোম রোগী। 

 

মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, ডেঙ্গু এনএস১ পরীক্ষায় ২০ শতাংশ শনাক্ত না হতে পারে। এ অবস্থায় লক্ষ্মণ প্রকাশ পাওয়ার পর দ্রুত চিকিৎসার পাশাপাশি রক্তের অন্য পরীক্ষা করতে হবে ও চিকিৎসা নিতে হবে। 


 

ডেঙ্গু ভয়ংকর, বাড়ছে শক সিন্ড্রোম রোগী | সময় নিউজ