খেলা

ক্যান্সার জয় করে ১০ বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট দলে ম্যাডিসন

খেলা ডেস্ক

প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ০৯:২০

ক্যান্সার জয় করে ১০ বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট দলে ম্যাডিসন

নিক ম্যাডিসন। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে বড় পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। প্রায় এক দশক পর টেস্ট দলে ফিরেছেন নিক ম্যাডিসন। ক্যান্সার জয় করে ক্রিকেটে ফেরার পর জাতীয় দলে আবারও সুযোগ পেলেন ৩৪ বছর বয়সি এই বাঁহাতি ব্যাটার। তার সঙ্গে দলে ডাক পেয়েছেন কিপার-ব্যাটার স্যাম হার্পার।


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওয়ানডেতে তলপেটে বলের আঘাত পান ক্যামেরন গ্রিন। ফলে প্রথম টেস্টে তার খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। অন্যদিকে প্রথম ওয়ানডেতে আঙুলে চোট পাওয়া জশ ইংলিস ডারবান টেস্ট থেকে ছিটকে গেছেন।


মূলত কাভার হিসেবেই ম্যাডিসন ও হার্পারকে দলে নেয়া হয়েছে। অস্ট্রেলিয়ার হয়ে তিনটি টেস্ট খেলা ম্যাডিসন সর্বশেষ সাদা পোশাকে খেলেছেন ২০১৬ সালে। গত বছর টেস্টিকুলার ক্যান্সার ধরা পড়ার পর অস্ত্রোপচার ও নয় সপ্তাহ কেমোথেরাপি নিতে হয়েছিল তাকে। এরপর বিগ ব্যাশ দিয়ে ক্রিকেটে ফেরেন তিনি।


প্রথম শ্রেণির ক্রিকেটে ১২৯ ম্যাচে ৭ হাজার ৮৩২ রান করেছেন ম্যাডিসন। সম্প্রতি ওয়ানডে কাপে ১২৬ রানের ইনিংসও খেলেছেন।


এদিকে হার্পার গত মাসে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে সেঞ্চুরি করেন। তবে অভিজ্ঞ অ্যালেক্স ক্যারির উপস্থিতিতে টেস্ট অভিষেকের সম্ভাবনা আপাতত কম।

ক্যান্সার জয় করে ১০ বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট দলে ম্যাডিসন | সময় নিউজ