আন্তর্জাতিক

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৩

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৩২

সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ায় ঘটে যাওয়া সবচেয়ে প্রাণঘাতী বিমান দুর্ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম। ছবি: রয়টার্স

নাইজেরিয়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্দো রাজ্যে সোমবার (৫ অক্টোবর) একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ যাত্রী ও সাত ক্রু ছিলেন।

 

দেশটির প্রেসিডেন্ট বোলো টিনুবু বিমান বিধ্বস্তের গভীর শোক জানিয়েছেন। দুর্ঘটনায় কেউ বেঁচে নেই বলে তিনি নিশ্চিত করেছেন। 

 

এক বিবৃতিতে টিনুবু বলেন, বিমানবাহিনীর প্রধান আমাকে দুর্ঘটনার বিষয়ে অবহিত করেছেন। দুর্ঘটনার কারণ জানতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে নাইজেরিয়ান বিমানবাহিনীকে অবিলম্বে পূর্ণাঙ্গ তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন তিনি।

 

নাইজেরিয়ার বিমানমন্ত্রী ফেস্টাস কেয়ামো জানান, বিমানবাহিনীর এটিআর-৪২ উড়োজাহাজটি নিয়মিত মিশনে বেনিন সিটি থেকে লাগোস যাচ্ছিল। সোমবার গ্রিনিচ মান সময় ৮টা ১৩ মিনিটে বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

 

সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ায় ঘটে যাওয়া সবচেয়ে প্রাণঘাতী বিমান দুর্ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম। উপকূলীয় শহর ইগবোকোদার কাছে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। সেখানে উদ্ধার ও অনুসন্ধানকারী দল মোতায়েন করা হয়েছে।

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৩২ | সময় নিউজ