প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ০৬:৪০

আড়াইহাজার থানা
বুধবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে আড়াইহাজার পৌরসভার দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আলমগীরের স্ত্রী তানিয়া আক্তার বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন। দগ্ধরা হলেন-অভিযুক্ত আলমগীরের শাশুড়ি মোমেলা (৫৫), তার ছোট মেয়ে বৃষ্টি ও বড় মেয়ের শিশু সন্তান হাফসা।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাতে মোমেলা, তার মেয়ে বৃষ্টি ও নাতনি হাফসা বসতঘরে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। আশপাশের বাসিন্দারা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে মোমেলা গুরুতর দগ্ধ হন। তার মেয়ে বৃষ্টির হাত এবং শিশু হাফসার নাক দগ্ধ হয়েছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।
আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, স্ত্রী তানিয়ার সঙ্গে তার স্বামী আলমগীরের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে আলমগীর তার শ্বশুরবাড়ির পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে গভীর রাতে ঘরের ছিটকিনি বাইরে থেকে লাগিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন বলে মামলায় অভিযোগ করেছেন বাদী। এতে ওই পরিবারের তিনজন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি আরও বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার (১ অক্টোবর) তানিয়া আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় তার স্বামী আলমগীরকে প্রধান আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

