বাংলাদেশ

রাজধানীতে সিঁড়ি থেকে পড়ে ১৪ মাসের শিশুর মৃত্যু

হায়দার আলী

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৯

রাজধানীতে সিঁড়ি থেকে পড়ে ১৪ মাসের শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর বনানীতে সিঁড়ি থেকে পড়ে খাদিজাতুল কুবরা নামে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টার দিকে বনানীর সাততলা বস্তিতে একটি টিনশেড দোতলা বাড়ির সিঁড়ি থেকে পড়ে শিশুটি আহত হয়।

নিহত খাদিজা বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর গ্রামের দুলাল খান ও সামিনা আক্তার দম্পতির মেয়ে।

শিশুটির মা সামিনা আক্তার জানান, তারা স্বামী-স্ত্রী দুজনই পরিচ্ছন্নতা কর্মী। সকালে কাজে যাওয়ার সময় ১৪ মাসের খাদিজাকে ১২ বছর বয়সী ছেলে তালিমের কাছে রেখে যান তারা। তালিম ঘুমিয়ে পড়লে হামাগুড়ি দিয়ে সিঁড়ির কাছে চলে যায় খাদিজা। একপর্যায়ে দোতলার সিঁড়ি থেকে নিচে পড়ে যায় সে। প্রতিবেশীরা শিশুটিকে পড়ে থাকতে দেখে তার বাবা-মাকে খবর দেন। পরে তারা শিশুটিকে উদ্ধার করে শিশু হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুলাল-সামিনা দম্পতির এক ছেলে ও চার মেয়ের মধ্যে সবার ছোট ছিল খাদিজা।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান জানান, শিশুটির মরদেহ মর্গে রাখা হয়েছে।

রাজধানীতে সিঁড়ি থেকে পড়ে ১৪ মাসের শিশুর মৃত্যু | সময় নিউজ